ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে আনাস নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে জেলা সদরের পাইকপাড়া এলাকায় অবস্থিত দি মেঘনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত আনাস হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে। পরিবারের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। তবে রাতের দিকে দায়িত্বপ্রাপ্ত নার্স ইনজেকশন দেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরে তার মৃত্যু হয়।

স্বজনদের দাবি, চিকিৎসকের প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধের সঙ্গে অন্য একটি ইনজেকশন মিশিয়ে দেওয়া হয়েছিল। ইনজেকশন প্রয়োগের পরপরই শিশুটির চোখ-মুখ কালো হয়ে যায় এবং হাত-পা শক্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

আনাসের মা সোমা আক্তার অভিযোগ করেন, ইনজেকশন দেওয়ার পর শিশুটি অস্বাভাবিকভাবে চিৎকার করছিল। বিষয়টি নার্সকে জানানো হলেও তিনি গুরুত্ব দেননি এবং চিকিৎসককেও ডাকেননি।

এদিকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. বাছির মিয়া জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত নার্সকে ডেকে আনা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছে পরিবার।

প্রাইমটিভি/এনজি