হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৫৭ শিশু

হামের উপসর্গে শিশুর মৃত্যু । প্রাইম টিভি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭ শিশু।
রোববার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৯ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। ফলে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭১২ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৪১ শিশু। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭।
এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৬৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯ হাজার ২০৭। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১১ হাজার ৭১০ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ জন এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৭৯ হাজার ১৫২ জন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









