ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট, পাঁচজন প্রশিক্ষক এবং পাঁচজন প্রশিক্ষণার্থী। দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, রোববার (২৮ জুন) স্থানীয় সময় টম্বলেনে বেসামরিক বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যম বিএফএম জানিয়েছে, দুর্ঘটনায় পাইলটসহ বিমানে থাকা ১০ জন স্কাইডাইভার নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের মালিকানাধীন ছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিমানে থাকা পাইলটসহ মোট ১১ জনের সবাই ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন প্রশিক্ষণার্থী ও পাঁচজন প্রশিক্ষক ছিলেন।

দুর্ঘটনার পর মুর্ত-এ-মোজেল বিভাগের বিমানবন্দর-সংলগ্ন এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 প্রাইমটিভি/এমআর