বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় তরুণ গ্রেপ্তার

ট্রান্সফরমার চুরির সময় তরুণ গ্রেপ্তার (সংগৃহীত)
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির সময় কাউসার মিয়া (২১) নামে এক তরুণকে আটক করেছেন স্থানীয় লোকজন। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার (২৮ জুন) সকালে মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কাউসার মিয়া ময়মনসিংহের কোতোয়ালি থানার চরখরিচা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কাউসার মিয়াসহ চার তরুণ কোনাডহর গ্রামের আছির উদ্দিনের বাড়িসংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে একটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার খুলে ফেলেন। পরে সেটি একটি পিকআপে তোলার সময় স্থানীয় লোকজন তাদের দেখে ফেলেন। এ সময় কাউসারকে আটক করা হলেও তাঁর সঙ্গে থাকা অপর তিনজন দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) দুলাল হোসেন বাদী হয়ে রোববার সকালে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ কাউসারকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, পালিয়ে যাওয়া অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





