কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে ১ লাখ ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

কড়াইল বস্তি। প্রাইম টিভি
নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে ঢাকার কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি স্থানে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২ থেকে ২০৩৫ অনুযায়ী ঢাকার কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে নিম্ন আয়ের মানুষের জন্য ১ লাখ ফ্ল্যাট নির্মাণ করা হবে।
তিনি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ বিভিন্ন পৌর এলাকার ৩৭টি বস্তির মানুষের উন্নত আবাসন নিশ্চিত করতে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ চলছে।
মন্ত্রী আরও জানান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পদ্মা আবাসিক এলাকায় ১৬টি ফ্ল্যাট এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের হরিণটানা মৌজায় ৮ একর জমিতে ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের সল্টগোলা এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জমিতে মাসিক ভাড়াভিত্তিক আবাসন প্রকল্পও সরকারের বিবেচনায় রয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





