বাংলাদেশের জনশক্তিকে আরও দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।

রোববার (২৮ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি এ আশ্বাস দেন।

বৈঠকে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত ও দেশে ফিরে আসা বাংলাদেশি কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার মাধ্যমে সুইজারল্যান্ডের সহযোগিতার প্রশংসা করে তিনি ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম আরও আধুনিক ও কার্যকর করতে জনবল চাহিদা ব্যবস্থাপনা, মেডিকেল সেন্টার সংযুক্তকরণ, জব পোর্টাল উন্নয়ন এবং একটি মোবাইল অ্যাপ চালুর ক্ষেত্রে সুইজারল্যান্ডের কারিগরি সহায়তা কামনা করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি ও নির্মাণসহ বিভিন্ন বিশেষায়িত খাতে বাংলাদেশি দক্ষ কর্মীদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডে বৃত্তির সুযোগ বাড়ানোরও আহ্বান জানান তিনি।

জবাবে সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, বাংলাদেশের জনমিতিক সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের পাশে থাকতে আগ্রহী।

বৈঠকে দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং শ্রমবাজারে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

প্রাইমটিভি/এনজি