হামের টিকা সংগ্রহে অবহেলা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আবেদনটি করেন হামে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, হামের টিকা সংগ্রহে অবহেলার কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাদীর ৯ মাস বয়সী মেয়ে সাউদা নুসকান হামে আক্রান্ত হয়ে মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করেই তিনি আদালতের শরণাপন্ন হন।

তবে মামলার আবেদন করা হলেও আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি। মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা চলছে।

প্রাইমটিভি/এনজি