দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

রোববার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৩৮ দশমিক ০৫ মিলিয়ন ডলার।

এর আগে, ২৫ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৮২ দশমিক ২৫ মিলিয়ন ডলার, যা তিন দিনের ব্যবধানে বেড়ে ২৩২ মিলিয়ন ডলারেরও বেশি হয়েছে। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ৩১ হাজার ৫৩২ দশমিক ৩০ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৩১ হাজার ৭৩৮ দশমিক ০৫ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে ব্যবহারযোগ্য বা নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করা হয়। বর্তমানে আন্তর্জাতিকভাবে এ পদ্ধতিকেই প্রকৃত রিজার্ভ পরিমাপের স্বীকৃত মান হিসেবে বিবেচনা করা হয়।

রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা এবং আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাইমটিভি/এমএইচ