বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

ছবিঃ সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল (৩২) বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন একই এলাকার জমির মালিক গোলজার (৩৫) ও দিনমজুর নূরনবী (৩০)।
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে এলাকায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই কামরুল, গোলজার ও নূরনবী ধানের জমি প্রস্তুতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। বজ্রপাতের আঘাতে গোলজার ও নূরনবীও আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলাম জানান, বজ্রপাতের সময় তিনজনই একই জমিতে কাজ করছিলেন। বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপর দুইজন আহত হন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






