রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯২টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ৫৪৯টি গাড়ি ডাম্পিং এবং ২৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে রোববার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক মিরপুর বিভাগে সর্বোচ্চ ৪৮৮টি মামলা হয়েছে। এরপর মতিঝিল বিভাগে ৪৬৩টি, উত্তরা বিভাগে ৪৪৩টি, তেজগাঁও বিভাগে ৩৪৮টি, লালবাগ বিভাগে ২৭৯টি, গুলশান বিভাগে ২৬০টি, ওয়ারী বিভাগে ১৯০টি এবং রমনা বিভাগে ১২১টি মামলা করা হয়েছে।

অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইমটিভি/এনজি