হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ । প্রাইম টিভি
দেশে থামছেই না হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু।
সোমবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১৪১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ শিশু। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৩ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৭১৬ শিশু।
এদিকে, গত এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬২ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৪১ জন।
সবশেষ তথ্যে জানা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১১ জন। আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ জন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








