কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্ত্রীকে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করতে গিয়ে নিজেই পুলিশের জালে ধরা পড়েছেন এক যুবক। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম হাবিবুল ইসলাম ঠান্টু (৩২) তিনি উপজেলার মাঝিহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী গত রোববার (২৮ জুন) রাতে ঠান্টু শ্বশুর ফারুক হোসেনের বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে ২৮ পিস টাপেনটাডল ট্যাবলেট রেখে আসেন। এরপর নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯- ফোন করে শ্বশুরবাড়িতে মাদক থাকার অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ওই ট্যাবলেটগুলো উদ্ধার করে। তবে অভিযোগকারী ব্যক্তি মাদকের অবস্থান সম্পর্কে অত্যন্ত নির্ভুল তথ্য দেওয়ায় পুলিশের সন্দেহের সৃষ্টি হয়।

পরে বাড়ির মালিক ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সম্প্রতি তার মেয়ে স্বামী ঠান্টুকে তালাকের নোটিশ পাঠিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও ফারুক হোসেনকে একজন নিরীহ সৎ ব্যক্তি হিসেবে পুলিশের কাছে জানান।

এরপর তদন্তের একপর্যায়ে অভিযোগকারী ঠান্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শ্বশুরকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজেই মাদক রেখে ৯৯৯- ফোন করার কথা স্বীকার করেন।

পুলিশ স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে কুর্শা ইউনিয়নের কুন্টিরচর গ্রামের ফারুক হোসেনের মেয়ের সঙ্গে ঠান্টুর বিয়ে হয়। বিয়ের পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। দীর্ঘদিন চেষ্টা করেও স্বামীকে মাদকমুক্ত করতে না পেরে স্ত্রী সম্প্রতি তাকে তালাকের নোটিশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে ঠান্টু শ্বশুরকে মাদক মামলায় ফাঁসানোর পরিকল্পনা করেন।

 প্রাইমটিভি/এমআর