দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন নতুন রোগী।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯২৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৫৫ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজন মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তর মশাবাহিত এ রোগ প্রতিরোধে জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

প্রাইমটিভি/এনজি