শিক্ষার্থীদের বছরে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ছবিঃ সংগৃহীত
প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর জন্য দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে সরকার কাজ করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ভূয়সী প্রশংসা করে বলেন, তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তুলতে বিএনসিসি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় দুর্যোগ মোকাবিলা ও জনপ্রতিরক্ষায় বিএনসিসির অবদান তাৎপর্যপূর্ণ। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে এ বাহিনীর কার্যক্রম আরও সম্প্রসারণে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






