চাঁদপুরের কচুয়া উপজেলায় গভীর রাতে বসতঘরে সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধার মুখে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম (৭৫) ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৯টা থেকে সোমবার ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে একদল চোর সিঁধ কেটে ফাতেমা বেগমের বসতঘরে প্রবেশ করে। ঘরে থাকা মালামাল চুরির সময় তিনি বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তার থুতনি নাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কচুয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। বাধা পেয়ে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষ হওয়ার আগে ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

প্রাইমটিভি/এমআর