দুই বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া ভাতা পরিশোধের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
২০২২ সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতার বকেয়া আগামী দুই বছরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ২০২২ সাল থেকে অবসরে যাওয়া কোনো শিক্ষক এখনো অবসর ভাতার টাকা পাননি। একজন শিক্ষক অবসরের পর সাধারণত ২৫ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে এই ফান্ডের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ হওয়ায় হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
এহছানুল হক মিলন জানান, সমস্যার সমাধানে আগামী বাজেটে এ খাতে অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ বন্ডের ব্যবস্থাও করা হয়েছে। আগামী জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে অবসর ভাতা বিতরণ শুরু হবে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আদালতে একটি মামলার কারণে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ আটকে আছে। এ সময়ের মধ্যে আরও ১৭ হাজার শিক্ষক অবসরে গেছেন। বর্তমানে দেশের ৬০ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যবই প্রস্তুত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান, পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









