মামলার জটে আটকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

প্রধান শিক্ষক নিয়োগ জটিলতা । প্রাইম টিভি
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের মামলার জটিলতায় স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। আদালতে মামলা ঝুলে থাকায় প্রায় ৩৪ হাজার প্রধান শিক্ষক পদের নিয়োগ আটকে রয়েছে। ফলে দেশের প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে।
রাজধানীর কোতোয়ালি থানার ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টিতেই প্রধান শিক্ষক নেই। অনেক প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদও শূন্য। একই চিত্র দেশের বিভিন্ন অঞ্চলেও। দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকেরাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষকদের অভিযোগ, বছরের পর বছর দায়িত্ব পালন করলেও পদোন্নতির সুযোগ মিলছে না। অনেক যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকও পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।
শিক্ষা সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দায়ের হওয়া একটি মামলার পর থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
একই ধরনের জটিলতা রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগেও। নিয়োগ, পদোন্নতি, এমপিওভুক্তি ও অন্যান্য বিষয়ে বর্তমানে পাঁচ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলার কারণে চার বছর ধরে পদটি শূন্য রয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন প্রতিষ্ঠানটির ১৬ জন শিক্ষক।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ শিক্ষা-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীদ রুশদ হক জানিয়েছেন, বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত মামলার জন্য এক বা দুটি নির্দিষ্ট বেঞ্চ গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পদোন্নতি নিয়ে বিরোধ এবং রাজনৈতিক প্রভাবের কারণে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে। এতে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে চলমান মামলার সংখ্যা ১০ হাজারের বেশি। এর মধ্যে অধিকাংশ মামলাই হয়েছে গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









