‘ম্যাজিক স্কুল বাস’ নিয়ে চলচ্চিত্র: ‘মিস ফ্রিজল’ চরিত্রে এলিজাবেথ

ছবিঃ সংগৃহীত
প্রথমে বই এবং পরবর্তীতে অ্যানিমেটেড কার্টুন সিরিজ হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘ম্যাজিক স্কুল বাস’ এবার লাইভ-অ্যাকশন চলচ্চিত্র হিসেবে পর্দায় আসছে। জোয়ানা কোল এবং চিত্রশিল্পী ব্রুস ডেগেনের তৈরি ১৯৮৬ সালের বিখ্যাত এই বই সিরিজের চলচ্চিত্র নির্মাণ স্বত্ব কিনেছে লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট। এর আগে ২০২০ সালে ইউনিভার্সাল পিকচার্সের অধীনে সিনেমাটি হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন আটকে থাকার পর এবার লিজেন্ডারির প্রযোজনায় কাজটি এগোচ্ছে।
ছবিটি পরিচালনা করবেন রব লেটারম্যান। মূল চরিত্র ‘মিস ফ্রিজল’-এর ভূমিকায় অভিনয় করবেন নামি আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ ব্যাংকস। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে মূল বইয়ের প্রকাশক প্রতিষ্ঠান ‘স্কলাস্টিক’, লিজেন্ডারি, মার্ক প্ল্যাট প্রডাকশন্স এবং ব্যাংকসের নিজস্ব প্রতিষ্ঠান ‘ব্রাউনস্টোন প্রডাকশন্স’।
গল্পে দেখা যায়, মিস ফ্রিজল তার ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে একটি অদ্ভুত হলুদ স্কুল বাসে চড়ে শিক্ষা সফরে বের হন, যা প্রয়োজন অনুযায়ী মহাকাশযান বা সাবমেরিনের রূপ ধারণ করতে পারত। ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় এই সিরিজে মিস ফ্রিজলের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন লিলি টমলিন। পরবর্তীতে ২০১৭ সালে নেটফ্লিক্সের সিক্যুয়েল সিরিজেও তিনি কণ্ঠ দেন। তবে নতুন এই চলচ্চিত্রটি সম্পূর্ণ লাইভ-অ্যাকশন ও অ্যানিমেশনের সংমিশ্রণে তৈরি হবে, যেখানে বাস্তবের অভিনেতারা পর্দায় হাজির থাকবেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






