ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

ছবিঃ সংগৃহীত
টানা প্রস্তুতি ও সব ধরনের সরকারি অনুমোদন থাকার পরও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার অনুপম রায়ের ঢাকা কনসার্ট। আগামীকাল শুক্রবার (২৬ জুন) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বিশেষ কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কনসার্টের যৌথ আয়োজক প্রতিষ্ঠান ‘ইয়ামাহা মিউজিক বাংলাদেশ’ জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও অনিবার্য পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে কনসার্টটি না করার নির্দেশনা দেওয়া হয়। ফলে বাধ্য হয়েই তারা আয়োজনটি আপাতত স্থগিত করেছেন। আজ বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে স্থগিতের বিষয়টি জানতে পেরেছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন অনুপম রায় নিজেও।
আয়োজক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ এবং টিকিট রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে সব টিকিটধারীই অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি দেশের ‘বেঙ্গল সিম্ফনি’রও পারফর্ম করার কথা ছিল। প্রিয় শিল্পীর গান শুনতে অপেক্ষায় থাকা ঢাকার ভক্তদের জন্য এই খবরটি বেশ নিরাশাজনক।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









