দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নিশ্চিত করেছেন যে তিনি তার প্রথম সন্তানের মা হতে চলেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন চলচ্চিত্র ‌‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এই খুশির খবরটি সবার সাথে ভাগ করে নেন। এর মাধ্যমে গত কিছুদিন ধরে তার মা হতে যাওয়ার গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটল।

1764728785_3

অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সামান্থা জানান, বর্তমানে হাতে থাকা কাজগুলো শেষ করেই তিনি অভিনয় থেকে সাময়িক মাতৃত্বকালীন বিরতিতে যাবেন। তবে ছুটি শেষে ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। মূলত ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপনের কিছু ভিডিও অনলাইনে আসার পর ভক্তরা তাঁর অবয়বে মাতৃত্বের ছাপ লক্ষ করলে এই গুঞ্জনের সূত্রপাত হয়।

২০২৩ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। এর আগে তারা দুজনে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ একসঙ্গে কাজ করেছিলেন। নন্দিনী রেড্ডি পরিচালিত এবং রাজ নিদিমোরু ও বসন্ত মারিঙ্গান্তি রচিত ‘মা ইন্টি বাঙ্গারাম’ একটি পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার চলচ্চিত্র। ছবিতে সামান্থার পাশাপাশি গুলশান দেবায়া, দিগন্ত মনচালে ও গৌতমীসহ অনেকে অভিনয় করেছেন। জীবনের এই নতুন অধ্যায় নিয়ে সামান্থা ও রাজের পরিবারে এখন খুশির আমেজ।

প্রাইমটিভি/বিএম