দেশের জনপ্রিয় প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’-এর ভক্তদের জন্য একই সাথে মন খারাপ এবং নতুন চমকের খবর এসেছে। ব্যান্ডটির প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট লিংকন ডি’কস্তা ব্যক্তিগত কারণে বর্তমানে কানাডায় অবস্থান করছেন। দীর্ঘ ২৭ বছরের মিউজিক্যাল ক্যারিয়ারে কখনো ব্যান্ড থেকে দূরে না থাকা লিংকন এবার সাময়িক বিরতি নিয়েছেন। তবে ব্যান্ডের কার্যক্রম সচল রাখতে নিজের জায়গায় নতুন ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে তিনি তরুণ মিউজিশিয়ান বখতিয়ার হোসাইনকে আমন্ত্রণ জানিয়েছেন।

সম্প্রতি আর্টসেলের অফিশিয়াল পেজ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় লিংকন জানান, জীবনের বিশেষ পরিস্থিতির কারণে তাকে দেশের বাইরে থাকতে হচ্ছে। ব্যক্তির চেয়ে ব্যান্ডের অস্তিত্ব বড় এই বিশ্বাস থেকে ভক্তদের কনসার্ট উপভোগের সুযোগ দিতেই বখতিয়ারকে দলে নেওয়ার সিদ্ধান্ত। লিংকন ভক্তদের অনুরোধ করেছেন, বখতিয়ারকে যেন তার সাথে তুলনা না করে তার নিজস্ব যোগ্যতার জন্য মূল্যায়ন করা হয়।

ব্যান্ডের ড্রামার সাজু এবং গিটারিস্ট কাজী ফয়সাল ও জুয়েল জানান, লিংকনকে ছাড়া আর্টসেল কল্পনা করা কঠিন হলেও ভক্তদের আকুল দাবির মুখে পথচলা সচল রাখতে বখতিয়ারই ছিলেন তাদের একমাত্র পছন্দ। নতুন দায়িত্ব পেয়ে বখতিয়ার হোসাইন বলেন, লিংকন ভাইয়ের জায়গা নেওয়ার ধৃষ্টতা তার নেই, তবে নিজের সর্বোচ্চটা দিয়ে তিনি আর্টসেলের এই আবেগ ও লেগেসি ধরে রাখার চেষ্টা করবেন।

প্রাইমটিভি/বিএম