আজ বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের জন্মদিন

ছবিঃ সংগৃহীত
নব্বইয়ের দশকের বলিউড মানেই একঝাঁক তারকার উজ্জ্বল উপস্থিতি, আর সেই তালিকার শীর্ষ সারিতেই ছিলেন কারিশমা কাপুর। আজ এই বলিউড তারকার জন্মদিন। ১৯৭৪ সালের ২৫ জুন জন্ম নেওয়া কারিশমা ৫২ বছর পূর্ণ করে ৫৩ বছরে পা দিলেন। বিখ্যাত কাপুর পরিবারের সন্তান হলেও নিজের প্রাণবন্ত অভিনয়, দুর্দান্ত নাচ আর পর্দা উপস্থিতির মাধ্যমে তিনি আলাদা এক পরিচয় তৈরি করেছিলেন।

১৯৯১ সালে ‘প্রেম কয়েদি’ ছবির মাধ্যমে বলিউডে কারিশমার অভিষেক ঘটে। এরপর ‘আনাড়ি’, ‘কুলি নং ১’, ‘জুড়ুয়া’, ‘বিবি নং ১’ এবং ‘হাম সাথ-সাথ হ্যায়’-এর মতো একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে তিনি হয়ে ওঠেন প্রযোজক-পরিচালকদের প্রথম পছন্দ। বিশেষ করে গোবিন্দর সঙ্গে তার অনস্ক্রিন জুটি বলিউডের ইতিহাসে অন্যতম সফল জুটি হিসেবে বিবেচিত হয়। বাণিজ্যিক ছবির পাশাপাশি ‘ফিজা’ এবং ‘জুবেইদা’ ছবিতে শক্তিশালী অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন।
ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান ভাঙার পর ২০০৩ সালে তিনি ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। তবে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় কারিশমা কাপুর আজও তার ‘লোলো’ রূপ দিয়ে ভক্তদের হৃদয়ে সমান উজ্জ্বল।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









