ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় শীর্ষ অভিনেত্রী সাদিকা পারভীন পপি আর নিয়মিত চলচ্চিত্রে ফিরছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন এবং এটিই এখন তার প্রধান অগ্রাধিকার। তবে পপি জানান, তার শৈশব, ব্যক্তিগত সংগ্রাম ও চলচ্চিত্র জীবন নিয়ে নিখুঁত ও গবেষণানির্ভর কোনো বায়োপিক নির্মিত হলে, সেখানে অভিনয় করতে তার আপত্তি নেই।

image_1782376093443

গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পপির। প্রথম ছবিতেই গ্ল্যামার ও অনবদ্য অভিনয় দিয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। এরপর একে একে ‘লাল বাদশা’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ও ‘বস্তির রানী সুরিয়া’-সহ অসংখ্য দর্শকপ্রিয় ছবি উপহার দেন।

9bfeeb6c888581730d04d7b3f6cbe4fe9a1f46ad13aea90d

অভিনয় ক্যারিয়ারে অসাধারণ অবদানের জন্য কালাম কায়সারের ‘কারাগার’, নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ এবং সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পপি। তাকে সর্বশেষ সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমায় আমিন খান ও ইমনের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। দেশ-বিদেশের ভক্তদের জন্য নিজের জীবনভিত্তিক একটি ব্যতিক্রমী কাজের মাধ্যমেই শুধু ক্যামেরার সামনে দাঁড়াতে চান এই তারকা।

প্রাইমটিভি/বিএম