আজ পপ সম্রাট মাইকেল জ্যাকসনের প্রয়াণ দিবস

ছবিঃ সংগৃহীত
আজ ২৫ জুন, বিশ্বসংগীতের ইতিহাসে এক স্মরণীয় ও আবেগময় দিন। ২০০৯ সালের আজকের এই দিনে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে যান পপ সম্রাট মাইকেল জ্যাকসন। আজ তার ১৭তম প্রয়াণ দিবস। পপ, রক ও আর-অ্যান্ড-বি সংগীতের ধারাকে বদলে দেওয়া এই মহান শিল্পী বেঁচে থাকলে আজ হয়তো তার বয়স হতো ৬৭ বছর। তবে শারীরিক প্রস্থান হলেও নিজের অমর কীর্তির মাধ্যমে তিনি আজীবন বেঁচে আছেন বিশ্ববাসীর হৃদয়ে।

১৯৫৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জন্ম নেওয়া মাইকেল জ্যাকসনের সংগীত সফর শুরু হয়েছিল শৈশবেই, ভাইদের সাথে গড়া ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের মাধ্যমে। তবে ১৯৭১ সালে একক শিল্পী হিসেবে যাত্রা শুরু করার পর তিনি একে একে সৃষ্টি করেন ইতিহাস। ১৯৮২ সালে মুক্তি পাওয়া তার ‘Thriller’ অ্যালবামটি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। এছাড়া ‘Beat It’, ‘Billie Jean’, ‘Bad’, ‘Black or White’ কিংবা মানবতাবোধ ও পৃথিবী রক্ষার আহ্বানে গড়া ‘Heal the World’ ও ‘Earth Song’-এর মতো কালজয়ী গানগুলো বিশ্বসংগীতের সংজ্ঞা চিরতরে বদলে দেয়।

শুধু কণ্ঠেই নয়, মাইকেল জ্যাকসন বিশ্বকে মাতিয়েছিলেন তার অবিশ্বাস্য নাচের জাদুতে। তার উদ্ভাবিত বিখ্যাত ‘মুনওয়াক’ এবং শরীরকে ৪৫ ডিগ্রি কোণে বাঁকানোর ‘অ্যান্টি-গ্র্যাভিটি লিন’ আজ পর্যন্ত নৃত্য দুনিয়ার সবচেয়ে বড় বিস্ময়। আধুনিক মিউজিক ভিডিওর ধারণাকে জনপ্রিয় করার পেছনেও তার অবদান অনস্বীকার্য।

১৩টি গ্র্যামি পুরস্কার, ২৬টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসহ অসংখ্য স্বীকৃতি পাওয়া এই কিংবদন্তির ব্যক্তিগত জীবন অবশ্য সবসময় মসৃণ ছিল না। নানা বিতর্ক, আইনি জটিলতা এবং একাকীত্ব তাকে ঘিরে রেখেছিল শেষ দিন পর্যন্ত। ২০০৯ সালে লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে অতিরিক্ত মাত্রায় প্রোপোফোল জাতীয় ওষুধ সেবনের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মৃত্যুভয়ঙ্কর হতে পারে, কিন্তু মাইকেল জ্যাকসনের মতো নক্ষত্রদের কোনো মৃত্যু হয় না। আজ এই বিশেষ দিনে বিশ্বজুড়ে তার কোটি ভক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন তাদের প্রিয় ‘কিং অব পপ’-কে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









