প্রযোজক সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরশাদ আদনান

ছবিঃ সংগৃহীত
দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৮ আগস্ট বিএফডিসিতে নির্ধারিত এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে সরে এসেছেন ‘প্রিয়তমা’ খ্যাত জনপ্রিয় প্রযোজক আরশাদ আদনান।
বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নির্বাচন না করার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে আরশাদ আদনান নিজেই মন্তব্য করে সিদ্ধান্তটির সত্যতা নিশ্চিত করেন। পরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এর পেছনের মূল কারণ ব্যাখ্যা করেন। আদনান জানান, এই নির্বাচনে সভাপতি পদে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক উজ্জ্বল। বড় পর্দার এই অগ্রজকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন এবং চলচ্চিত্র পরিবারের এই সম্মানিত মানুষের বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সমীচীন মনে করেননি। তাই মূলত তাঁর প্রতি সম্মান জানিয়েই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রযোজক সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ভোটার তালিকা সংক্রান্ত বিরোধ ও নানাবিধ আইনি জটিলতায় দীর্ঘ সাত বছর নির্বাচন স্থগিত ছিল। এবারের নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। আরশাদ আদনানের এমন সম্মানজনক ও উদার সিদ্ধান্ত চলচ্চিত্র অঙ্গনে বেশ প্রশংসিত হচ্ছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









