বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেট কিংবদন্তি মনসুর আলি খান পতৌদির (টাইগার পতৌদি) প্রেম ও বৈবাহিক সম্পর্ক আজও ভক্তদের মাঝে সমান চর্চার বিষয়। সম্প্রতি নিজেদের সম্পর্ক নিয়ে এক গোপন ও সাহসী তথ্য ফাঁস করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। শর্মিলা জানিয়েছেন, বিয়ের আগে তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন।

তৎকালীন রক্ষণশীল ভারতের সামাজিক প্রেক্ষাপটে এটি ছিল অত্যন্ত দুঃসাহসী একটি সিদ্ধান্ত। শুধু তাই নয়, ভিন্ন ধর্মের অনুসারীকে বিয়ে করায় তাঁদের চরম বিপাকে পড়তে হয়েছিল এবং শর্মিলা একের পর এক হত্যার হুমকিও পেয়েছিলেন। শর্মিলার এই সম্পর্কের সময় বলিউডের অনেকে তাঁর কান ভারী করারও চেষ্টা করেন। বিখ্যাত পরিচালক যশ চোপড়া তাঁকে সাবধান করে বলেছিলেন যে, নবাবরা খুব সন্দেহপ্রবণ মানসিকতার মানুষ হয়ে থাকেন।

তবে কোনো নিন্দুক বা শুভাকাঙ্ক্ষীর নেতিবাচক কথায় কান দেননি শর্মিলা। সাইফ আলী খানের বাবাকে তিনি মনেপ্রাণে ভালোবেসেছিলেন। সব প্রতিকূল পরিস্থিতিতেও একে-অপরের পাশে থাকার এক বিশেষ শর্তে তাঁরা শেষ পর্যন্ত ঘর বাঁধেন। অবশেষে সমস্ত সামাজিক বাধা ও নিন্দুকের মুখে ছাই দিয়ে ঠাকুর বাড়ির এই গুণী কন্যা পরিণত হন পতৌদি নবাব পরিবারের যোগ্য পুত্রবধূতে।

প্রাইমটিভি/বিএম