পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি বছরের আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজ শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বর্তমানে চূড়ান্ত কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগের এই ধাপটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। সব ধরনের কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

প্রাইমটিভি/এনজি