সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদে অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
রোববার (২৮ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক, এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন প্রতিনিধি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গঠনে নিজেদের এখন থেকেই প্রস্তুত করতে হবে।
সরকারপ্রধান শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জাতির উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ আয়োজনকে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
এর আগে সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ এবং অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





