আইনি জটিলতার মাঝেই নতুন বাড়ি কেনার পরিকল্পনা সালমান খানের

ছবিঃ সংগৃহীত
দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি ও গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিবর্ষণের ঘটনার পর কড়া নিরাপত্তার মধ্যে দিন কাটছে বলিউড সুপারস্টার সালমান খানের। এরই মাঝে মুম্বাইয়ে তার একটি নতুন বহুতল ভবন নির্মাণের খবর নতুন করে আলোচনায় এসেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের বান্দ্রার চিম্বাই এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি। পরিবেশগত কিছু নির্দিষ্ট শর্ত মেনে এই আইনি অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, যে জমিতে ভবনটি নির্মিত হবে, সেটি সালমান খানের মা সালমা খানের নামে নিবন্ধিত। সেখানে ১৯৫৬ সাল পর্যন্ত একটি দোতলা বাড়ি ছিল, যা পরবর্তীতে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙে ফেলা হয়।

অনুমোদিত নকশা অনুযায়ী, প্রায় ১ হাজার ১৪ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিতব্য এই নতুন ভবনে একটি গ্রাউন্ড ফ্লোর, পার্কিং ব্যবস্থা এবং তার ওপর ছয়টি আবাসিক তলা থাকবে। তবে মূল নির্মাণকাজ শুরুর আগে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আরও কিছু প্রশাসনিক অনুমোদন নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই প্রকল্পের কারণে কোনো গাছ কাটা হবে না, বরং নতুন গাছ লাগানো হবে বলে জানানো হয়েছে। এই অনুমোদনের পর ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিনের চেনা ঠিকানা ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ছেড়ে সালমান কি তবে নতুন বাড়িতে উঠবেন?
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








