২০২৪ সালে চীনে মুক্তি পাওয়া অত্যন্ত জনপ্রিয় মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’ এবার দেখা যাবে বাংলা ভাষায়। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে এই চিনা ধারাবাহিকটিকে বাংলায় ডাবিং করে আগামী ৩০ জুন মুক্তি দিতে যাচ্ছে। বাংলায় এর নামকরণ করা হয়েছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’।

পারিবারিক ও ফ্যান্টাসি ঘরানার এই গল্পটির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সু বাও নামের এক ছোট্ট মেয়ে। জন্মের পর থেকেই নানা ষড়যত্র ও ভুল বোঝাবুঝির কারণে তাকে সবাই দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করে। ফলে তার দত্তক পরিবার তাকে অবহেলা ও কষ্ট দিতে শুরু করে। অন্যদিকে, সু বাওয়ের মা এক রহস্যময় অশুভ শক্তির কারণে শূন্য জগতে বন্দী হয়ে পড়েন। মায়ের স্নেহবঞ্চিত এবং দত্তক পরিবারের নির্মমতার শিকার সু বাও একপর্যায়ে তার মামার বাড়িতে আশ্রয় পায়।

মামার বাড়িতেই সে প্রথম প্রকৃত স্নেহ, ভালোবাসা ও পরিবারের উষ্ণতা খুঁজে পায়। সময়ের সাথে সাথে সু বাও নিজের অতীতের আসল সত্য জানতে শুরু করে এবং তার প্রকৃত বাবার সন্ধান পায়। এই কঠিন যাত্রায় তার পাশে দাঁড়ায় শক্তিশালী আধ্যাত্মিক গুরু অ্যাঞ্জেল মাস্টার জি। শেষ পর্যন্ত ভালোবাসা, সাহস ও পরিবারের শক্তির মাধ্যমে সে প্রমাণ করে, সে আসলে সৌভাগ্যের তারা, দুর্ভাগ্যের নয়। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে এই ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনা করেছে দীপ্ত টিভির নির্ধারিত টিম এবং কণ্ঠাভিনেতাদের ডাবিং পরিচালনা করেছেন জয়শ্রী মজুমদার লতা।

প্রাইমটিভি/বিএম