ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও ‘বিগ বস ১৯’ বিজয়ী গৌরব খান্না এবং অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলার দীর্ঘদিনের সংসার ভাঙার গুঞ্জন এবার বাস্তবে রূপ নিয়েছে। সম্প্রতি রিয়েলিটি শো ‘লক আপ ২’-এর মঞ্চে নিজেদের বিচ্ছেদের খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এনেছেন আকাঙ্ক্ষা নিজেই। তিনি জানিয়েছেন, তারা গত এক বছর ধরে আলাদা থাকছেন এবং বর্তমানে ডিভোর্সের পথে হাঁটছেন।

আকাঙ্ক্ষা স্পষ্ট করেন যে, তাদের এই বিচ্ছেদের পেছনে কোনো কাদা ছোঁড়াছুঁড়ি বা তিক্ততা নেই। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই তাঁরা এই যৌথ সিদ্ধান্ত নিয়েছেন। তবে জীবনসঙ্গী হিসেবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও চাওয়া সম্পূর্ণ আলাদা হওয়ায় তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

l18820251118131740

অনুসন্ধানে জানা গেছে, দাম্পত্য জীবনের এই টানাপোড়েন মূলত গৌরবের ‘বিগ বস’ জার্নি চলাকালীন শুরু হয়েছিল। শো-তে গৌরব বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও, আকাঙ্ক্ষা এখনই মা হতে রাজি ছিলেন না। সন্তান এবং ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখা নিয়ে তৈরি হওয়া এই মতপার্থক্যই শেষ পর্যন্ত তাঁদের বিচ্ছেদের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

আলাদা থাকার সময়েও তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে হাসিমুখে দেখা গেছে, যা দেখে ভক্ত ও পরিবার ভেবেছিল দূরত্ব হয়তো ঘুচে গেছে। তবে আকাঙ্ক্ষা জানিয়েছেন, বাইরের হাসিমুখের আড়ালে তাঁদের স্বামী-স্ত্রীর সম্পর্কে অনেক আগেই ইতি ঘটেছে, যা তাঁদের পরিবারের জন্য একটি বড় ধাক্কা। ‘অনুপমা’ ধারাবাহিকের ‘অনুজ’ চরিত্র দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া গৌরব খান্না সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর ট্রফি জিতেছিলেন।

প্রাইমটিভি/বিএম