স্বল্প বাজেটের একটি পারিবারিক সিনেমাও যে বিশ্বজুড়ে আলোড়ন তুলতে পারে, তারই নতুন এক অনন্য উদাহরণ চীনের ‘ডিয়ার ইউ’। মাত্র ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবিটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ২৪ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার কোটিরও বেশি) আয় করে বক্স অফিসে বিস্ময় সৃষ্টি করেছে। জুনের শুরুতে মুক্তির পর থেকেই ছবিটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিচালক হংচুন লানের এই আবেগঘন সিনেমায় অভিনয় করেছেন সিটং লি, ইয়ানটং ওয়াং ও শাওকিং উ। ছবির গল্প আবর্তিত হয়েছে প্রত্যন্ত অঞ্চলের এক বৃদ্ধা ইয়ে শুরোউ এবং ঋণের বোঝায় জর্জরিত তাঁর নাতিকে ঘিরে, যে এক রহস্যময় বিলিয়নিয়ার দাদার খোঁজে থাইল্যান্ডে পাড়ি দেয়। সেখান থেকেই উন্মোচিত হয় অর্ধশতাব্দী ধরে লুকিয়ে থাকা এক প্রেমের গল্প।

চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ‘ভ্যারাইটি’র মতে, প্রবাসী চীনাদের ঐতিহ্যবাহী চিঠি আদান-প্রদানের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই কাহিনি দর্শকদের মনে গভীর নস্টালজিয়া তৈরি করেছে। চীনের বক্স অফিসে সামগ্রিক মন্দা চললেও শক্তিশালী গল্পের জোরেই বাজিমাত করেছে ছবিটি। ভাষা ও সংস্কৃতির সীমা অতিক্রম করে হৃদয় ছুঁয়ে যাওয়া ‘ডিয়ার ইউ’ প্রমাণ করেছে, আন্তর্জাতিক অঙ্গনে চীনা চলচ্চিত্রের গ্রহণযোগ্যতা কতটা জোরালো হচ্ছে।

প্রাইমটিভি/বিএম