দীপিকাকে ঘিরে জল্পনার অবসান, ‘ব্রহ্মাস্ত্র ২’-এ নতুন সমীকরণ

ছবিঃ সংগৃহীত
দীপিকাকে ঘিরে জল্পনার অবসান, ‘ব্রহ্মাস্ত্র ২’-এ নতুন সমীকরণ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ সিনেমায় অমৃতা চরিত্রে দীপিকা পাড়ুকোনের ঝলক দর্শকদের মধ্যে তৈরি করেছিল ব্যাপক কৌতূহল। এরপর থেকেই প্রশ্ন ছিল, দ্বিতীয় কিস্তিতে কি আরও বড় পরিসরে দেখা যাবে অভিনেত্রীকে? দীর্ঘদিনের সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার দীপিকার টিম জানিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র ২’-এর অংশ হচ্ছেন না তিনি।
দীপিকার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি তাকে সিনেমাটির সঙ্গে যুক্ত করে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সঠিক নয়। ফলে শিবার মা অমৃতা চরিত্রে তাকে ঘিরে তৈরি হওয়া সম্ভাবনাও আপাতত বাস্তবায়িত হচ্ছে না।
তবে দীপিকার না থাকা সিনেমাটির আলোচনা থামাচ্ছে না। বরং দ্বিতীয় কিস্তিতে একের পর এক নতুন সমীকরণ সামনে আসছে।
নতুন মুখ অনিত পাড্ডা?
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ২’-এ নতুন মুখ হিসেবে ‘সাইয়ারা’খ্যাত অভিনেত্রী অনিত পাড্ডার নাম আলোচনায় এসেছে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব তার কাছে গেছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
‘শিবা’র পাশাপাশি ‘দেব’ চরিত্রেও রণবীর?
সিনেমাটিকে ঘিরে সবচেয়ে বড় আলোচনা রণবীর কাপুরকে নিয়ে। প্রথম কিস্তিতে শিবা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার গুঞ্জন রয়েছে, শিবার পাশাপাশি ‘দেব’ চরিত্রেও দেখা যেতে পারে রণবীরকে।
অর্থাৎ একই সিনেমায় বাবা ও ছেলের দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন তিনি। এর আগে ‘দেব’ চরিত্রের জন্য রণবীর সিংয়ের নাম আলোচনায় এসেছিল। তবে এবার সেই সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
আলিয়ার চরিত্রেও বাড়ছে গুরুত্ব
দ্বিতীয় কিস্তিতে আলিয়া ভাটের চরিত্র ‘ইশা’ আরও বিস্তৃত হতে পারে বলে জানা গেছে। প্রথম পর্বে শিবার সঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ছিল ইশা চরিত্রটি। এবার গল্পে তার ভূমিকা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, সিনেমাটির প্রায় ১২৫ দিনের শুটিংয়ের মধ্যে আলিয়ার জন্য রাখা হয়েছে ২৫ দিন। এতে বোঝা যাচ্ছে, দ্বিতীয় কিস্তিতে শুধু গল্প নয়, চরিত্রগুলোর পরিসর বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা।
ব্যস্ততা কমছে না দীপিকার
‘ব্রহ্মাস্ত্র ২’-এ না থাকলেও দীপিকার হাতে রয়েছে একাধিক বড় প্রকল্প। বর্তমানে অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার কাজও শেষ করেছেন বলে জানা গেছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জিসহ আরও অনেকে।
এর আগেও ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ সময়েও কাজ চালিয়ে গেছেন দীপিকা। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অন্তঃসত্ত্বা অবস্থাতেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।
২০১৮ সালে রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা। ২০২৪ সালে তাদের ঘরে আসে প্রথম সন্তান। ব্যক্তিজীবনের ব্যস্ততার মধ্যেও একের পর এক বড় প্রকল্পে কাজ করে যাচ্ছেন এই বলিউড তারকা।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








