মিয়ানমারে সাম্প্রতিক নির্বাচনের পর গত ছয় মাসে জান্তা সরকারের দমন-পীড়নে সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ২২৪ জন নারী এবং ১৫৩ জন শিশু রয়েছে। প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্যদিকে, অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন এবং জান্তাপন্থী দল সংসদে প্রায় ৮০ শতাংশ আসনে জয় পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জান্তা বাহিনীর নির্বিচার বিমান হামলায় প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে ব্যাপক আকারে, যার মধ্যে সাগাইং অঞ্চলে সবচেয়ে বেশি (১৯১ জন) মানুষ নিহত হয়েছেন। এছাড়া রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আরাকান আর্মির নির্যাতন ও জোরপূর্বক সেনাদলে অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠেছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মিয়ানমারের জনগণ একদিকে সামরিক নির্যাতনের শিকার হচ্ছেন, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ও তহবিল কমে যাওয়ায় তাদের দুর্ভোগ আরও তীব্র হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে যে, এই সহিংসতা অব্যাহত থাকলে মিয়ানমারের চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ ধারণ করবে।

প্রাইমটিভি/বিএম