ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রাঙ্গণে কাঁঠাল পাড়তে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছিয়াকুল (৩৯) নামে এক মালি।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, সকালে হল প্রাঙ্গণের একটি গাছ থেকে কাঁঠাল নামানোর কাজ করছিলেন ছিয়াকুল। একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়ার সময় একটি কাঁঠাল অন্য গাছের কাঁঠালে আঘাত করলে সেটি ছিটকে এসে তার মাথায় আঘাত করে।

আঘাতের পর তিনি পাকা মেঝেতে পড়ে যান এবং মাথায় গুরুতর জখম হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ছিয়াকুলের বাড়ি নড়াইলের নড়াগাতী থানা এলাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল এলাকার একটি বাসায় বসবাস করতেন এবং বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।

অপ্রত্যাশিত এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও পরিচিতজনরা ছিয়াকুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রাইমটিভি/এনজি