বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার বিষয়ে দুই দেশের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা হয়েছে এবং আশাবাদী হওয়ার মতো অগ্রগতি রয়েছে। বাজারটি দ্রুত খুলে দেওয়ার বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ফলে আমরা ইতিবাচক প্রত্যাশা করতে পারি।”

তিনি বলেন, অতীতে কয়েকবার শ্রমবাজার চালু হওয়ার পরও কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে তা আবার বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার এসব সমস্যা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে সম্প্রতি এক কলেজ শিক্ষার্থীকে আটক করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বিভিন্ন সময়ে ছাত্রলীগের সাইবার টিম অন্যের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ব্যবহার করে ভুয়া পোস্ট তৈরি ও সম্পাদনা করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তবে কোনো ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান কোনো পোস্টকে ভুয়া বলে চিহ্নিত করলেই সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয় না।

তিনি বলেন, “যদি সত্যিই কোনো পোস্ট সম্পাদনা বা বিকৃত করা হয়ে থাকে, তাহলে রাষ্ট্র কখনোই অন্যায় করবে না। রাষ্ট্রের নিজস্ব বিশেষজ্ঞ ও যাচাই-বাছাইয়ের ব্যবস্থা রয়েছে। তদন্তে যদি কোনো পোস্ট বা স্ক্রিনশট ভুয়া প্রমাণিত হয়, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সরকার কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানির শিকার করতে চায় না বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ, অপমানজনক ও বিদ্বেষমূলক প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর কন্যা হোন কিংবা একজন সাধারণ নারী—রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। নারীদের বিরুদ্ধে নোংরা ও বীভৎস ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের ওপর সরকার নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব স্বীকার করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের নিজস্ব প্রক্রিয়া রয়েছে। কোনো প্রতিষ্ঠানের পর্যবেক্ষণের ভিত্তিতে সরাসরি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয় না।

প্রাইমটিভি/কেআর