কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ‘ফিশ ল্যান্ডিং সেন্টার’। প্রায় ২৩২ কোটি টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি মৎস্য খাতের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসনে নতুন আশার সঞ্চার করেছে। ২০২৫ সালের ১৭ এপ্রিল শুরু হওয়া এই প্রকল্পের কাজ ২০২৮ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে।

বর্তমানে ঘাটে প্রতিদিন গড়ে ১০টি ট্রলার মাছ খালাস করতে পারে, তবে প্রকল্পটি সম্পন্ন হলে এ সক্ষমতা বেড়ে ৬০টিতে উন্নীত হবে। এছাড়া মাছ খালাস ও পরিবহনের সময় ৪ ঘণ্টা থেকে কমে ২ ঘণ্টায় নেমে আসবে। প্রকল্পের আওতায় ৩ তলা আধুনিক ভবন, ট্রাক টার্মিনাল, মাছ হ্যান্ডলিং এলাকা, কনফারেন্স রুম ও বিশ্রামাগারের পাশাপাশি আধুনিক ফ্রিজিং প্ল্যান্ট ও কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে। এতে মাছের গুণগত মান বজায় রেখে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা সম্ভব হবে, যা ব্যবসায়ীদের লোকসানের ঝুঁকি কমাবে।

জেলে ও মৎস্য শ্রমিকদের জন্য স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি এটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২ লাখ মানুষের উপকারে আসবে। এই আধুনিক অবকাঠামো কক্সবাজারের সামুদ্রিক অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

প্রাইমটিভি/বিএম