মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ডা. ওয়ান আজিজাহ বিনতি ওয়ান ইসমাইলের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ইংরেজিতে দেওয়া বার্তায় তারেক রহমান বলেন, তিনি এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর আন্তরিক অভ্যর্থনা এবং উষ্ণ আতিথেয়তায় গভীরভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের আন্তরিকতা, সৌহার্দ্য ও শুভেচ্ছায় তারা অভিভূত বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সহযোগিতা, সমৃদ্ধি এবং আঞ্চলিক উন্নয়নের অভিন্ন লক্ষ্য দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার এই ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তি কয়েক দশক আগে গড়ে উঠেছিল, যখন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার মা বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন।

সফরকালে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ায়ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজাধিরাজের আন্তরিকতা ও সৌজন্য তাকে মুগ্ধ করেছে।

বার্তায় তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে বিভিন্ন খাতে গড়ে ওঠা নিবিড় যোগাযোগ ও বন্ধন ভবিষ্যতের সহযোগিতাকে আরও এগিয়ে নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশ-মালয়েশিয়ার বহুমাত্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রাইমটিভি/এমএইচ