তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটিকে দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষ্যে তিনি এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তদন্তের অংশ হিসেবে গত ১০ জুন বিল গেটসের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে মঙ্গলবার সেই সাক্ষ্যের অনুলিপি প্রকাশ করে ওভারসাইট কমিটি।
সাক্ষ্যে গেটস দুই রুশ নারী, ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা ও পারমাণবিক পদার্থবিদ কারিমা নিগমাতুলিনার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি আরও এক নারী বিজ্ঞানীর সঙ্গে সম্পর্ক থাকার কথাও জানান।

তবে জেফরি এপস্টিনের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের কোনো ঘটনা তিনি কখনো প্রত্যক্ষ করেননি বলে দাবি করেন গেটস। যদিও এপস্টিনের সঙ্গে সাক্ষাতের সময় অজান্তেই কিছু ভুক্তভোগীর সংস্পর্শে গিয়ে থাকতে পারেন বলে স্বীকার করেন তিনি।
গেটস বলেন, এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতা রাখা ছিল একটি ভুল সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাঁর ব্যক্তিগত সম্পর্কের তথ্য জেনে এপস্টিন তাঁকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন।
সাক্ষ্যে আরও উঠে আসে, চিকিৎসা উদ্যোক্তা অ্যালিস জ্যাকবস নেসেলরোদতের সঙ্গেও গেটসের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ২০১৩ সালে এপস্টিনের পাঠানো একটি ই-মেইলেও ওই সম্পর্কের উল্লেখ পাওয়া যায় বলে কংগ্রেস সদস্যরা জানান।

তবে গেটস দাবি করেন, এপস্টিন তাঁর ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কখনো সফলভাবে ব্ল্যাকমেইল করতে পারেননি। যদিও তাঁর ধারণা, এপস্টিনের উদ্দেশ্য ছিল সেদিকেই এগোনো।
এদিকে, এপস্টিন-সংক্রান্ত প্রকাশিত কিছু নথিতে বিল গেটসের বিরুদ্ধে যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়ার অভিযোগও তোলা হয়েছিল। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। গেটসের ভাষ্য, তাঁর কখনো কোনো যৌনবাহিত রোগ ছিল না।
জেফরি এপস্টিনকে ঘিরে নতুন নথি প্রকাশের পর বিল গেটসের সঙ্গে তাঁর সম্পর্ক এবং অতীত ব্যক্তিগত জীবন নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









