ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুই ভূমিকম্প, বহু মানুষের মৃত্যুর শঙ্কা

ভেনেজুয়েলায় পরপর দুই ভূমিকম্প । সংগৃহীত
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে বহু হতাহতের শঙ্কা প্রকাশ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সরকারি হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দুটির কারণে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে মৃতের সংখ্যা ১০ হাজারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে বারিনাস রাজ্যের নির্বাচিত প্রতিনিধি উইলমার আজুয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। ভিডিওতে আতঙ্কিত মানুষকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা যায়।
বার্তাসংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, ভূমিকম্পের সময় একটি ভবনের সিঁড়ি ভেঙে পড়ে এবং দেয়ালের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। কম্পনের সময় ছাদ থেকে বিভিন্ন বস্তু নিচে পড়তে থাকে। পরিস্থিতিকে তিনি ‘অত্যন্ত ভয়াবহ’ বলে বর্ণনা করেন।
ভূমিকম্পের পর উদ্ধার ও পরিস্থিতি মূল্যায়নের কাজ শুরু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন।
ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত চিত্র জানতে এখনও অপেক্ষা করতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









