ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ইতালির পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রচণ্ড গরমে দেশটিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে লোদি অঞ্চলের এক শ্রমিকসহ পিয়াচেঞ্জা, গারলাসকো, নেপলস ও পাদোভার বাসিন্দারা রয়েছেন। ইতালির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে, উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ুপ্রবাহের কারণে আগামী সপ্তাহান্তে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি রাতের তাপমাত্রাও ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না, যা জনস্বাস্থ্যের জন্য চরম উদ্বেগজনক।

এই তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে দেশটির পর্যটন ও বিদ্যুৎ খাতেও। অতিরিক্ত গরমের কারণে ফ্লোরেন্সের বিখ্যাত উফিজি গ্যালারির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় দর্শনার্থীদের প্রবেশ সীমিত ও টিকিট বিক্রি সাময়িক বন্ধ করা হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত লোডের কারণে আব্রুজ্জো অঞ্চলের পেসকারা ও তেরামোসহ বিভিন্ন এলাকায় তীব্র বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, যা পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকেও ব্যাহত করছে।

পরিস্থিতি মোকাবিলায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিল্লাচি জরুরি কারিগরি বৈঠক আহ্বান করেছেন। প্রবীণ, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার পাশাপাশি খোলা আকাশের নিচে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। পরিস্থিতির আরও অবনতি হলে দেশজুড়ে কঠোরতর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাইমটিভি/বিএম