ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী । সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা দিয়েছে ভারত সরকার। তবে এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক ও প্রটোকল-সংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বুধবার (২৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়।
স্মারকে বলা হয়েছে, ভারতের অগ্রাধিকার সারণী (টেবিল অব প্রেসিডেন্স) আনুষ্ঠানিকভাবে সংশোধন না করেই বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমপর্যায়ের মর্যাদা দেওয়া হয়েছে। তবে এটি স্থায়ী কোনো পরিবর্তন নয় এবং কেবল আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রটোকল নির্ধারণের ক্ষেত্রেই কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্তের ফলে অগ্রাধিকার সারণীর অন্য কোনো বিধান বা অবস্থানে পরিবর্তন আসবে না। নথিতে ভারতের সরকারের সচিব কমলেশ রবিদাসের স্বাক্ষর রয়েছে।
দীনেশ ত্রিবেদী ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। তিনি অতীতে দুই দফা ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং গত ৫ জুন তিনি ঢাকায় পৌঁছান।
নতুন দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন বলে জানা গেছে।
বাংলাভাষায় দক্ষ দীনেশ ত্রিবেদী দুই বাংলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ভালো ধারণা রাখেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি একজন সেতারবাদক হিসেবেও পরিচিত।
প্রাইমটিভি /এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









