দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাস থেকে ২০ কিলোমিটার দূরের কারাবোবো অঙ্গরাজ্যে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ভয়াবহ এই বিপর্যয়ের পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে।

আল জাজিরা ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইউএসজিএস-এর মতে, এই দুর্যোগে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

এই ঘটনার পর দেশজুড়ে স্কুল, মেট্রো ও রেল পরিষেবাসহ সব ধরনের অপ্রয়োজনীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, রাজধানী কারাকাসের মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটির অবকাঠামো গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উদ্ধার অভিযানে বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডারের নেতৃত্বে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রাইমটিভি/বিএম