ইরানের মিনাব স্কুলে হামলার দায় নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য

মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মিনাবে একটি স্কুলে হামলায় নিহত শিক্ষার্থীদের দাফনের জন্য পাশাপাশি অনেকগুলো কবর খোঁড়া হয়। ছবি: রয়টার্স
ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে সংঘটিত প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত দায়ী কে—তা হয়তো কখনোই নিশ্চিতভাবে জানা যাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার তদন্ত এখনও চলমান উল্লেখ করে তিনি বলেন, ওই সময় চারদিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল, ফলে নির্দিষ্টভাবে দায় নির্ধারণ করা কঠিন হতে পারে।
বুধবার (২৪ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “কার দোষ ছিল, তা হয়তো কখনোই নিশ্চিতভাবে বলা যাবে না। তখন চারদিকে ক্ষেপণাস্ত্র উড়ছিল। ঘটনাটি নিঃসন্দেহে ভয়াবহ, তবে সে সময় পরিস্থিতি ছিল অত্যন্ত বিশৃঙ্খল।”
ট্রাম্প আরও বলেন, কেউ কেউ দাবি করছেন হামলাটি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হয়েছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো গ্রহণযোগ্য প্রমাণ দেখেননি বলে উল্লেখ করেন। “আমার বিশ্বাস, এটি আমাদের হামলা ছিল না,” বলেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রথম দিন মিনাব শহরের শাজারেহ তায়িবা বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইরানের দাবি, এতে ১৭৫ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন।
পরে মার্চ মাসে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি প্রাথমিক অভ্যন্তরীণ তদন্তে হামলার জন্য মার্কিন বাহিনীর সম্পৃক্ততার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুরোনো টার্গেটিং তথ্য ব্যবহারের কারণে এ হামলা ঘটে থাকতে পারে। এরপর পেন্টাগন তদন্তের পরিধি বাড়ালেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হামলাটিকে “সম্পূর্ণ ভয়াবহ” বলে অভিহিত করে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায়।
উল্লেখ্য, ঘটনার পর প্রথমদিকে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই হামলার জন্য ইরানকে দায়ী করেছিলেন। তবে সর্বশেষ বক্তব্যে তিনি স্বীকার করেন, তদন্ত এখনও শেষ হয়নি এবং প্রকৃত দায়ী সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, কেউ ইচ্ছাকৃতভাবে বিদ্যালয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে তিনি মনে করেন না।
সূত্র: রয়টার্স
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









