বিশ্বজুড়ে মারাত্মক ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে তিন আফ্রিকান দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ ও ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশ তিনটি হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান। একই সঙ্গে সৌদি নাগরিকদেরও এই দেশগুলোতে সফরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সৌদি আরবের অফিশিয়াল সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ (এসপিএ) এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই নিয়মের আওতায়, কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে কোনো যাত্রী সরাসরি কিংবা তৃতীয় কোনো দেশ হয়ে ট্রানজিট নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। এমনকি কোনো ব্যক্তি যদি সৌদিতে পৌঁছানোর আগের ২১ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনো একটিতে অবস্থান বা যাতায়াত করে থাকেন, তবে তার ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই বিধিনিষেধের ফলে ওমরাহ যাত্রীসহ সব ধরনের ভিসাধারীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত থাকবে।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ 'ওয়াকায়া' এক বিবৃতিতে জানিয়েছে, সংক্রামক ব্যাধির আন্তর্জাতিক বিস্তার রোধ এবং দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির সকল প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং), রোগ নজরদারি এবং দ্রুত সাড়াদান প্রক্রিয়া আরও জোরালো করা হয়েছে।

এছাড়া, আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র (ব্রাজাভিল) থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও বিশেষ নজরদারি ও বাড়তি সতর্কতা অবলম্বন করছে সৌদি স্বাস্থ্য বিভাগ।

তবে সৌদি কর্তৃপক্ষ আশ্বস্ত করে জানিয়েছে যে, দেশের অভ্যন্তরীণ স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ইবোলা ভাইরাসের কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/বিএম