রাজধানীর কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

ছবিঃ সংগৃহীত
রাজধানীর কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটে কাঁটাবনের ‘আল বারাকা টাওয়ার’ ভবনের ১২ ও ১৩ তলার দুটি ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, গভীর রাতে বহুতল ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর ছয়টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুন লাগার পর ভবনটি থেকে দগ্ধ অবস্থায় জনি ও আবদুস সালামকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় জনিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







