লন্ডভন্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

ছবিঃ সংগৃহীত
উত্তর ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর শুক্রবার (২৬ জুন) দেশটির উত্তর উপকূলে ৪.৯ মাত্রার আরেকটি নতুন ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (EMSC) তথ্য অনুযায়ী, মৃদু এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনিজুয়েলার ম্যারাকে শহর থেকে ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
গত বুধবার রাতে এক মিনিটেরও কম ব্যবধানে আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই এই নতুন কম্পন দেশটির সামগ্রিক পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগে এ পর্যন্ত ৩ হাজার ৩৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) আশঙ্কা প্রকাশ করেছে যে, শত শত ধসে পড়া বহুতল ভবনের নিচে বিপুল সংখ্যক মানুষ চাপা পড়ে থাকায় চূড়ান্ত হতাহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
বর্তমানে একটি স্বাধীন ডিজিটাল ডাটাবেজের তথ্য অনুযায়ী, নিখোঁজের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। নিখোঁজ স্বজনদের জীবিত উদ্ধারের আশায় রাজধানী কারাকাস ও সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে দিন-রাত খালি হাতে এবং সাধারণ যন্ত্রপাতি নিয়ে ধ্বংসস্তূপের ওপর তল্লাশি চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই নিজস্ব যানবাহনকে জরুরি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন। তবে ভারী কংক্রিট সরানোর জন্য পর্যাপ্ত ক্রেন ও যন্ত্রপাতির অভাব উদ্ধারকাজকে চরমভাবে ব্যাহত করছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যকে ‘দুর্যোগ কবলিত এলাকা’ ঘোষণা করে সেখানে সেনা মোতায়েন করেছেন।
অন্যদিকে, উদ্ধার অভিযান পরিচালনা এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার জরুরি সুবিধার কথা বিবেচনা করে ভেনিজুয়েলা সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এর ওপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে এই প্ল্যাটফর্মটি দেশটিতে ব্লক করা ছিল। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









