ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু!

বেনিয়ামিন নেতানিয়াহু । সংগৃহীত
ইসরাইলের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছেন। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন নির্ধারণ করতে পারে চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ। দুর্নীতির মামলা, যুদ্ধ পরিস্থিতি এবং ক্রমবর্ধমান জনঅসন্তোষ তাকে ফেলেছে চরম চাপে।
নির্বাচনের আগে নেতানিয়াহুকে ঘিরে তৈরি হয়েছে বহুমুখী সংকট। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে উৎসাহিত করার অভিযোগের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জবাবে ইরান ইসরাইল, উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালিতে পাল্টা হামলা চালায়। একই সময়ে উত্তরের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতও অব্যাহত রয়েছে।
যুদ্ধ পরিস্থিতির মধ্যে নেতানিয়াহু এখন দ্বিমুখী চাপের মুখে। একদিকে লেবাননে সামরিক অভিযান সীমিত করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার দাবি জানাচ্ছে ইসরাইলের একটি বড় অংশ। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ও অভ্যন্তরীণ জনমতের ভারসাম্য রক্ষা করা তার জন্য কঠিন হয়ে উঠেছে।
এদিকে দেশের ভেতরেও বাড়ছে অসন্তোষ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার তদন্তে স্বাধীন কমিশন গঠনে নেতানিয়াহুর অনীহা সমালোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে দুর্নীতির মামলাগুলোও তার রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচন শুধু ইসরাইলের পরবর্তী সরকার নির্ধারণ করবে না, বরং বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ভবিষ্যৎও নির্ধারণ করতে পারে।
সূত্রঃ আল-জাজিরা
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








