যু’দ্ধবিরতি ল’ঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁ’শিয়ারি আই’আর’জিসির

ছবিঃ সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা চুক্তি লঙ্ঘন করে, তবে তার জবাব আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোরভাবে দেওয়া হবে।
রোববার (২৮ জুন) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এ হুঁশিয়ারি দেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মোহেবি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অতীতের প্রতিটি শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অতীতেও বিভিন্ন সমঝোতা ও চুক্তি বাস্তবায়নে নির্ভরযোগ্যতার পরিচয় দিতে পারেনি।
তিনি আরও বলেন, ইরান কূটনৈতিক আলোচনায় যুক্ত থাকলেও প্রতিপক্ষ যে কোনো সময় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে কারণে দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে দ্রুত ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সম্প্রতি ইরানের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, পারস্য উপসাগরে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার জবাব হিসেবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে প্রবেশ করা একটি জাহাজকে সতর্ক করতে শুক্রবার তারা সতর্কতামূলক গুলি ছোড়ে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত কিছু নৌ-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







