আন্তর্জাতিক বাজারে ফের বাড়লো তেলের দাম

ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে দুই দেশের মধ্যে হওয়া অস্থায়ী শান্তি সমঝোতার স্থায়িত্ব নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনও ধীর হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তেজনা বৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৭ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৭০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে।
ডাচ আর্থিক প্রতিষ্ঠান আইএনজি-র বিশ্লেষকদের মতে, তেলের বাজারে এখনো উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়ে গেছে। যদিও অনেক বিনিয়োগকারী তেল সরবরাহ দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনার ওপর আস্থা রাখছেন, তবে পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে।
বিশ্লেষকদের ভাষায়, বাজারের বর্তমান আত্মতুষ্টি কিছুটা অস্বাভাবিক। কারণ তেল সরবরাহ স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে।
এদিকে টানা তিন দিনের উত্তেজনার পর একে অপরের ওপর নতুন করে হামলা না চালানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, উভয় পক্ষ আপাতত সামরিক অভিযান থেকে বিরত থাকবে।
এ ছাড়া হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল, আঞ্চলিক নিরাপত্তা এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার সময় উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে কাজ করবে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির ওপর আগামী কয়েক দিনের আলোচনা ও সমঝোতার অগ্রগতি নির্ভর করবে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল হওয়ায় এ অঞ্চলে যেকোনো অস্থিরতা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।
সূত্র: রয়টার্স, অ্যাক্সিওস
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









